জাবিতে ভর্তিচ্ছু সেজে মোবাইল চুরি, শিক্ষার্থীদের হাতে ধরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যিালয়ে (জাবি) ভর্তিচ্ছু পরিচয়ে আবাসিক হলে অবস্থান করে মোবাইল চুরির ঘটনা ঘটেছে। পরে চুরির ঘটনা জানাজানি হলে চোরকে আটক করে হলের আবাসিক শিক্ষার্থীরা।

বুধবার (০৩ আগস্ট) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে এ চুরির ঘটনা ঘটে।

আটককৃত চোরের নাম আরিফ হোসেন (২৩)। তার বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায়।

জানা যায়, বুধবার রাতে মীর মশাররফ হোসেন হলে গিয়ে নিজেকে ভর্তিচ্ছু পরিচয় দিয়ে এক আবাসিক শিক্ষার্থীর রুমে থাকার ব্যবস্থা করে আরিফ। পরে সে রাতে ওই রুম থেকে বের হয়ে হলের কমনরুমে যায়। সেখানে রাত তিনটা পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভর্তিচ্ছুদের সাথে অবস্থান করে চারটি মোবাইল চুরি করে কৌশলে কমনরুম থেকে পালিয়ে যায়।

পরে ঘটনা জানাজানি হলে দ্রুতই হলের প্রধান ফটক বন্ধ করে দেয় হলের আবাসিক শিক্ষার্থীরা। তারা খোঁজ খবর চালিয়ে আরিফকে ‍রুম থেকে আটক করে। পরে তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে তুলে দেয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) সুদিপ্ত শাহিন জানান, শিক্ষার্থীরা চোরকে আটক করে আমাদের কাছে নিয়ে আসে। আমরা তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করা হয়েছে।