গঙ্গাচড়ায় তিস্তার চরাঞ্চলে বর্ষা মৌসুমে কলার ভেলায় পারাপার চলছে। চারিদিকে পানি আর পানি। বন্যার কারণে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় লোকজন বাড়ি থেকে সহসা বের হতে পারছেন না। যোগাযোগ ব্যবস্থা ভেঙে গেছে। এ অবস্থায় চরম বিপাকে পড়েছেন চরাঞ্চলের লোকজন।
দেখা গেছে, কাঠের নৌকা তৈরিতে অনেক টাকার প্রয়োজন, সবার সামর্থ্য নেই নৌকা তৈরির। তাই লোকজন কলার ভেলা ব্যবহার করে পারাপার হচ্ছেন। চরাঞ্চলে প্রায় বাড়িতেই দেখা যায় এমন ভেলা। কলার গাছ কেটে শক্ত করে বেঁধে চলাচল করছেন। তিস্তার চরাঞ্চলে পুরুষ-মহিলা প্রায় সবাই এই ভেলা চালাতে অভ্যস্ত। অনেকটা বিপদের বন্ধু।
চর ইচলি গ্রামের মনিষ বলেন, এখানে সব বাড়িতে পানি। কোনো উপায় নেই বাড়ি থেকে বের হওয়ার। তাই লোকজন কলাগাছ কেটে এই ভেলা তৈরি করছেন। এতে বাড়তি টাকা লাগছে না। পরিবারের সবাই এই ভেলা ব্যবহার করে থাকেন।
ইউপি সদস্য আব্দুল বাকি বলেন, চরাঞ্চলে সবার সামর্থ্য নেই নৌকা বানানোর। তাই লোকজন যাতায়াতের জন্য কলার ভেলা তৈরি করে থাকেন। বন্যার সময় প্রায় বাড়িতেই এই ভেলা বানানো হয়।