দুর্বিষহ জীবনের কথা বললেন দীপিকা!

দীপিকা পাড়ুকোনও নাকি একদিন আত্মহত্যা করতে চেয়েছিলেন! শুনতে অবাক লাগলেও কথাটি সত্য। কারণ এই তথ্য নিজেই জানিয়েছেন দীপিকা। বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। শুধু বলিউড নয়, অভিনয়ের জাদু হলিউডেও দেখিয়েছেন তিনি।

দুনিয়াজুড়ে রয়েছে তার অসংখ্য ভক্ত। শাহরুখ খানের নায়িকা হয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন এই অভিনেত্রী। নিজেকে তিনি ক্রমান্বয়ে পরিণত করেছেন একজন সুপারস্টার হিসেবে।

গত ৪ আগস্ট মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেন দীপিকা পাডুকোন। সেখানেই ভারতীয় এক গণমাধ্যমে তিনি জানান কেন আত্মহত্যা করতে চাইতেন তিনি।

এ বিষয়ে আগেও কথা বলেছেন অভিনেত্রী। সেদিন ওই অনুষ্ঠানে বলেন, ‘হঠাত্ মনে হতো আত্মহত্যা করি। হঠাত্ করেই এটা মনে হতো। তখন আমি ক্যারিয়ারের বেশ ওপরেই ছিলাম। সবকিছু ঠিকঠাক ছিল। কোনো কারণই ছিল না হতাশার। আমি নিজেও জানতাম না কেন ওরকম অনুভব করতাম। কোনো কারণ ছাড়া কাঁদতে শুরু করতাম। এমনও দিন গেছে আমি ঘুম থেকে উঠতে চাইতাম না। কারণ আমার মনে হতো ঘুমিয়ে থাকলেই বেঁচে থাকবো। আমি সেসময় প্রায়ই আত্মহত্যার কথা ভাবতাম।’

দীপিকা পাড়ুকোন

তিনি আরও বলেন, ‘আমার পরিবার বেঙ্গালুরুতে থাকে। আমার কাছেও থাকে। কিন্তু মনে আছে একদিন যখন মা-বাবা ফিরে যাচ্ছিল বাড়িতে, আমি কেঁদে ফেলি। মা আমাকে জিজ্ঞেস করে কেন কাঁদছি, কোনো সমস্যা কি-না। আমার কাছে কোনো উত্তর ছিল না। কেন এমন হতো আমি নিজেও জানতাম না।’

উল্লেখ্য, অভিনয় ছাড়াও দীপিকা ‘লাইভ লাভ লাফ’ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। যা ভারতে মানসিক স্বাস্থ্য, বিশেষ করে বিষণ্নতা সম্পর্কে সচেতনতা তৈরি করে।