ইত্তেফাক রিপোর্ট
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৩০ একর জমিতে স্টিল প্ল্যান্ট এবং কনটেইনার প্ল্যান্ট স্থাপন করবে এনার্জিপ্যাক লিমিটেড। এ জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের মধ্যে জমির ইজারা চুক্তি স্বাক্ষর রাজধানীর বেজা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এসময় জানানো হয়, প্রতিষ্ঠানটি প্রায় ৯ কোটি ৮০ লাখ ডলার বিনিয়োগ করবে। কনটেইনার প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে তারা এশিয়ার শীর্ষ দেশসমূহের সঙ্গে প্রতিযোগিতার বাজারে অন্তর্ভুক্ত হতে পারবে বলে এনার্জিপ্যাক আশা করছে। অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, ছোট থেকে বড় এবং দেশি-বিদেশি বিভিন্ন বিনিয়োগকারীর আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। এ উদ্যোগ কর্মযজ্ঞের সূচনামাত্র এবং একটি পরিকল্পিত অর্থনৈতিক অঞ্চল তৈরির মাধ্যমে তার সফল পরিসমাপ্তি ঘটবে। বেজার সদস্য মোহম্মদ আইয়ুব এবং ইপিজিএল-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রবিউল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এই উদ্যোগ সম্পর্কে রবিউল আলম বলেন, আমরা বিশ্বাস করি, গত এক দশকে বাংলাদেশের ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে এই বিনিয়োগটি যথাযথভাবেই সময়োপযোগী।