ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ঠেকাতে সিসিটিভি ক্যামেরা

ময়মনসিংহ জেলা সদর থেকে ৫০ কিলোমিটার দূরে সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলা। এই উপজেলার মানুষের স্বাস্থ্য সুরক্ষার একমাত্র ভরসা ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স। 

যেখানে প্রতিদিন শত শত রোগী চিকিৎসা নিতে আসেন। রোগীদের হাসপাতালের ভেতরে প্রবেশ করতেই পড়তে হয় ডায়াগনস্টিক সেন্টারের দালালদের খপ্পরে। এসব দালালরা হাসপাতালে আসা রোগীদের নানা প্রলোভন দেখিয়ে ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে নামে-বেনামে পরীক্ষা করিয়ে হাতিয়ে নেয় মোটা অঙ্কের টাকা। এমনকি সুচিকিত্সা থেকেও বঞ্চিত হয় রোগীরা। এছাড়াও হাসপাতালের জরুরি বিভাগ ও আউটডোরে ডাক্তারদের চেম্বারে গিয়ে বসে থাকে তারা। রোগী দেখার সময় ডাক্তারদেরও বিরক্ত করা হয়। এসব নিয়ে ধোবাউড়া উপজেলার বিভিন্ন মহল এবং আইনশৃঙ্খলা সভায় ব্যাপক সমালোচনা হয়। 

এরই মধ্যে নবযোগদানকৃত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাঈদ হাসপাতালকে দালালমুক্ত করতে উদ্যোগ নেন। স্বাস্থ্য কমপ্লেক্সকে দালালমুক্ত ও নিরাপত্তা জোরদার করার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। এ ব্যাপারে তিনি বলেন, হাসপাতালে রোগীদের সেবার মান শত ভাগ নিশ্চিত করতে ও দালালদের চিহ্নিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।