‘পাকিস্তানকে ভালোবাসি’

বচ্চনের টুইটার অ্যাকাউন্ট হ্যাক্ড

হ্যাকারদের হানা থেকে নিজের টুইটার অ্যাকাউন্টকে রক্ষা করতে পারলেন না বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। সোমবার রাতে তার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে সেখান থেকে ভারত বিরোধী পোস্ট করলো তুরস্কের হ্যাকার গ্রুপ আয়িলদিজ টিম। শুধু তাই নয়, অমিতাভ বচ্চনের টুইটার অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারে হ্যাকাররা বসিয়ে দিল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি।

সোমবার বিগ বি-র টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে বিভিন্ন পোস্টও করে তুরস্কের ওই হ্যাকার দল। প্রথম পোস্ট ছিল তুরস্কের ফুটবলারদের প্রতি আইসল্যান্ডের আচরণের নিন্দা করে। আর পরের পোস্টে সরাসরি ভারত বিরোধী মন্তব্য। সেই টুইটে লেখা হয়, ‘‘ভারত এই রমজান মাসে মুসলিমদের উপর অত্যাচার করছে। মুহম্মদের বিরুদ্ধে অত্যাচার করা হচ্ছে। আমরা এর বিরুদ্ধে সবার সমর্থন চাইছি।’’এছাড়া পাকিস্তানের পতাকা, ইমরান খানকে ভালোবাসি এই ধরনের কথাও লেখা হয়।

এই ঘটনার পরই মুম্বাই পুলিশের কাছে অভিযোগ জানান বলিউড বাদশা। সংবাদমাধ্যমকেও নিজের টুইটার অ্যাকাউন্ট হ্যাকের খবর শিগগিরই জানিয়ে দেন তিনি। এই ঘটনা নিয়ে মুম্বাই পুলিশের জনসংযোগ আধিকারিক এক সংবাদ সংস্থাকে বলেছেন, ‘‘অমিতাভ বচ্চনের হ্যাক হয়ে যাওয়া টুইটার অ্যাকাউন্ট নিয়ে আমরা আমাদের ও মহারাষ্ট্রের সাইবার ইউনিটকে জানিয়েছি। তারা বিষয়টি নিয়ে তদন্ত করছে।’’ আনন্দবাজার পত্রিকা