চীনে বন্যায় ৫ জনের মৃত্যু

 রয়টার্স, সিনহুয়া

চীনের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এতে সেখানকার ২০ লাখেরও বেশি অধিবাসীর ক্ষতি হয়েছে। প্রায় দেড় লাখ মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, সামনে আরো চারদিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। চায়না ডেইলি জানিয়েছে, জিয়াংশি প্রদেশের নয়টি শহর বন্যার পানিতে তলিয়ে গেছে। প্রাদেশিক জরুরি ব্যবস্থাপনা ব্যুরো জানিয়েছে, সোমবার সকালে বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটে। প্রায় এক লাখ ৩৮ হাজার হেক্টর একর জমির ফসল নষ্ট হয়ে গেছে। এক হাজার ৩৫৭টি বাড়ি বন্যার পানিতে তলিয়ে গেছে। প্রত্যক্ষ অর্থনৈতিক ক্ষতি ৩৮ কোটি ২৪ লাখ ডলার ছাড়িয়ে গেছে। দক্ষিণাঞ্চলীয় গুয়াংশি অঞ্চলের ২০ হাজার বাড়ির বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং ওই অঞ্চলের সড়ক, সেতু ও অন্যান্য অবকাঠামোর মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে বলে চায়না ডেইলি জানিয়েছে। জিয়াংশিতে বৃষ্টিপাতের পরিমাণ ৬৮৮ মিলিমিটারে (২৭ ইঞ্চি) পৌঁছে গেছে বলে জানিয়েছে চীনের আবহাওয়া প্রশাসন। চলতি জুনে জিয়াংশি ও হুনানের কয়েকটি অংশে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছেন তারা।  বৃহস্পতিবারের মধ্যে বজ ঝড়সহ বৃষ্টিপাত গুয়াংডং, ফুজিয়ান, জিয়াংশি, ইয়ুনান, সিচুয়ান ও তাইওয়ান পর্যন্ত বিস্তৃত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া প্রশাসন।