পাবনার সাঁথিয়ায় নকল প্রসাধনী সামগ্রীর কারখানার সন্ধান পেয়েছে ভ্রাম্যমান আদালত। সাঁথিয়ার পৌরসভাধীন শশদিয়া গ্রামে মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে এ অভিযান চালানো হয়।
এ সময় নকল প্রসাধনী তৈরি ও কেনার অপরাধে কারখানার মালিক কাবিল হোসেনকে ৬ মাসের কারাদণ্ড ও তার স্ত্রী ডলি খাতুনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মনিরুজ্জামান বলেন, দীর্ঘ দিন ধরে স্বামী স্ত্রী দুজনে নকল প্রসাধনীর কারখানা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। এ কারখানায় বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী কোম্পানির লেবেল ও লেগো ব্যবহার করে নকল প্রসাধনী তৈরি ও বিক্রি করা হতো। নকল প্রসাধনী তৈরি ও কেনার অপরাধে কারখানার মালিক কাবিল হোসেনকে ৬ মাসের কারাদণ্ড ও তার স্ত্রী ডলি খাতুনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও কারখানার সব প্রসাধনী জব্দ করে ধ্বংস করা হয়েছে।