কাতার ফুটবল বিশ্বকাপের ডামাডোল বাজতে বাকি আরো তিন মাস। সাধারণত বিশ্বকাপের সময় হিসেবে বিবেচনা করা হয় জুন-জুলাই মাসকে। কিন্তু কাতারে প্রচণ্ড দাবদাহের কারণে এবারের আসরটি শুরু হচ্ছে ভিন্ন সময়ে। স্বাভাবিক সূচি পরিবর্তে ২১ নভেম্বর শুরু হওয়ার কথা রয়েছে কাতার বিশ্বকাপের, চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। তবে এরই মধ্যে বিশ্বকাপের সূচি এগিয়ে আনার প্রস্তাব এসেছে।
২০০৬ বিশ্বকাপ থেকে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ খেলে থাকে স্বাগতিক দেশ। এখন পর্যন্ত এটাই সংস্কৃতি। ২১ নভেম্বর চারটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা আছে আয়োজক দেশ কাতারের খেলা থাকলেও সূচি অনুযায়ী তারা উদ্বোধনী ম্যাচ নয় বরং আসরের তৃতীয় ম্যাচটি খেলবে। তার আগে উদ্বোধনী ম্যাচে নামবে ‘এ’ গ্রুপে কাতারের দুই সঙ্গী সেনেগাল-নেদারল্যান্ডস এবং পরের ম্যাচে মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের দুই দল ইংল্যান্ড ও ইরান।
যার ফলে গত চার বিশ্বকাপ ধরে চলে আসা সংস্কৃতিতে ছেদ পড়ার সম্ভাবনা আছে এবার। তাই কাতার-ইকুয়েডরের ম্যাচটি এক দিন এগিয়ে এনে ২০ নভেম্বর বিশ্বকাপ শুরু করার প্রস্তাব দিয়েছে দক্ষিণ আমেরিকা কনফেডারেশন কনমেল।
আগামী ফিফা কাউন্সিল ব্যুরোতে প্রস্তাবটি তোলা হবে। যেখানে ছয় মহাদেশীয় ফেডারেশনের সভাপতি ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো মিলে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন। সিদ্ধান্ত পক্ষে এলে, ২১ নভেম্বর চারটি ম্যাচের পরিবর্তে তিনটি ম্যাচ মাঠে গড়াবে। গ্রুপ ‘এ’ এর কাতার-ইকুয়েডরের ম্যাচটি এক দিন এগিয়ে এনে ২০ নভেম্বর থেকে শুরু হবে ফুটবলের সর্বোচ্চ আসর। স্থানীয় সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। পরের দিন সেনেগাল-নেদারল্যান্ডসের ম্যাচ দুপুর ১টায় হওয়ার কথা থাকলেও তা শুরু হবে সকাল ১১টায়। বাকি সূচিগুলো অপরিবর্তিতই থাকবে।