কালীগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পারুল খাতুন (৪৫) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর স্বামী মতিয়ার রহমান পলাতক রয়েছে। 

বুধবার ভোররাতে কালীগঞ্জ উপজেলার চাঁদবা-একতারপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার জানান, পারিবারিক কলহের জের ধরে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। বুধবার ভোররাতে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী পারুলকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে মতিয়ার রহমান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পারুলের মাথায় ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। স্বামী মতিয়ার রহমানকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশের ঐ কর্মকর্তা। নিহতের ছোট মেয়ে রীতার সামনে এ ঘটনা ঘটেছে।