জগন্নাথপুরে সংঘর্ষে নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা

একজন গ্রেফতার

 জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা

জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের উত্তর দাওরাই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে হায়দার মিয়া নিহত হওয়ার ঘটনায় জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত হায়দার মিয়ার ভাই বদরুল ইসলাম বাদী হয়ে আব্দুল গফুরকে প্রধান আসামি করে হত্যা মামলাটি দায়ের করেন। পুলিশ সংঘর্ষের ঘটনায় উত্তর দাওরাই গ্রামের ওয়ারিছ উল্লার স্ত্রী সিতারা বেগমকে গ্রেফতার করেছে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, উত্তর দাওরাই গ্রামে হায়দার মিয়া নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। এক নারীকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। 

প্রসঙ্গত, ঈদের পরদিন বৃহস্পতিবার দুপুরে উত্তর দাওরাই গ্রামের হায়দার মিয়ার সঙ্গে একই বাড়ির বাসিন্দা ওয়ারিছ উল্লার টিউবওয়েলের পানি নিষ্কাশন নিয়ে সংঘর্ষের ঘটনায় হায়দার মিয়ার মৃত্যু হয়।

গাঁজার গাছসহ মাদক

ব্যবসায়ী গ্রেফতার

জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং চারটি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে।

ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গতকাল মঙ্গলবার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের মেঘারকান্দি গ্রামের মাদক ব্যবসায়ী যতীন্দ্র দাশকে (৫০) এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আবির মিয়াকে গ্রেফতার করা হয়েছে। অভিযানকালে মাদক ব্যবসায়ী যতীন্দ্র দাশের বাড়ি থেকে চারটি বড় গাঁজার গাছ জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর আসামিদের আদালতে পাঠানো হয়েছে।