খেরসন পুনরুদ্ধারে লড়ছে ইউক্রেন 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ২৪তম সপ্তাহ চলছে । উভয় পক্ষই সামরিক অচলাবস্থায় আটকে আছে। দক্ষিণ খেরসন অঞ্চলে ইউক্রেনের পাল্টা আক্রমণ এখন পর্যন্ত কোনো আঞ্চলিক অগ্রগতি করতে পারেনি। 

প্রতিদিনের গোলাবর্ষণ, বোমা বিস্ফোরণ ও পুরো সম্মুখসারিতে হামলার চেষ্টা সত্ত্বেও পূর্ব ডোনেতস্ক অঞ্চলে রাশিয়ার আক্রমণ থেমে গেছে বলে মনে হচ্ছে। আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। 

কিছু সামরিক বিশেষজ্ঞের ধারণা, উভয় পক্ষ কার্যকরভাবে একে অপরের সঙ্গে তীব্র লড়াই করে চলেছে। 

হেলেনিক আর্মির সাবেক সাঁজোয়া ডিভিশন কমান্ডার ও গ্রিসের ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রভাষক প্যানাজিওটিস গার্টজোনিকাস আল-জাজিরার এক প্রতিবেদনে বলেন, রাশিয়ানরা কতটা ক্ষোভের শিকার হয়েছে তা বিবেচনা করে, তারা যা আশা করতে পারে তা হল ডোনেতস্কের বাকি অংশ দখল করা।

তিনি মনে করেন না, তাদের মিকোলাইভ ও ওডেসা দখল করার ক্ষমতা আছে।  

ইউক্রেনের নেতারা খেরসনে আগস্টে পাল্টা আক্রমণ চালানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। রাশিয়াকে সেখানে ব্যাটালিয়ন সরিয়ে দিতে ও ডোনেতস্কে তাদের আক্রমণকে দুর্বল করার জন্য প্ররোচিত করে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১৬৯ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির সংঘাত আরও বেড়েছে।