তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে ভাবার অনেকে থাকলেও তাদের উন্নয়নে কাজ করার মানুষের সংখ্যা খুব কম। এবার এই মানুষগুলোর পাশে দাঁড়াতে এগিয়ে এলেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী।
তৃতীয় লিঙ্গের মানুষদের সামাজিক সমস্যা সমাধানে স্বেচ্ছাসেবী সংগঠন জেসিআই ঢাকা ওয়েস্ট ‘ফাইট ফর ইকুয়ালিটি’ নামের একটি কার্যক্রম শুরু করেছে। আর এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন ‘নায়ক’খ্যাত এই অভিনেতা।
সম্প্রতি ‘ফাইট ফর ইকুয়ালিটি’র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বাপ্পী চৌধুরী।
এসময় তিনি বলেন, ‘নানা সময়ে তৃতীয় লিঙ্গের মানুষদের কষ্ট কথা শুনে তাদের জন্য কিছু করার ইচ্ছাটা মনে ছিল। কিন্তু সময়-সুযোগ হচ্ছিল না। জেসিআই ঢাকা ওয়েস্টের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোর সুযোগ পেলাম। সংগঠনটির মাধ্যমে তাদের যেকোনো সমস্যায় আমি পাশে থাকার কথা দিচ্ছি।’
জেসিআই ঢাকা ওয়েস্টের লোকাল প্রেসিডেন্ট মুহাম্মাদ আলতামিশ নাবিলের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন লোকাল ভাইস প্রেসিডেন্ট মো. মাহমুদুর রহমান, প্রজেক্ট ডিরেক্টর ইকবাল হোসেন ইকু, প্রজেক্ট লিড আশেক ফারাবি, কো-লিড নিশাদুল ইসলামসহ আরও অনেকে।