নিখোঁজের দুই দিন পর যুবকের লাশ উদ্ধার, আটক ১

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নিখোঁজের দুই দিন পর বৃহস্পতিবার একটি খালের পানিতে ভাসমান অবস্থায় মোখলেছ মিয়া (৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চাঁদভবনা গ্রামে এই  যুবকের লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন।

নিহত মোখলেছ মিয়া ওই ইউনিয়নের গোপালপুর গ্রামের খোকা মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন থেকে রিক্সাভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিল।

এদিকে এ ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে মশিউর রহমান (৩০) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। 

নিহতের স্ত্রী বালিতন বেগম জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে মোখলেছ মিয়ার কয়েকজন বন্ধু তাকে ডেকে নিয়ে যায়। পরে সারারাত তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরের দিন তার স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু তার কোন সন্ধান পাননি। গত বুধবার বিকেলে পার্শ্ববর্তী চাঁদভবনা ব্রিজ সংলগ্ন খালের পাশে মোখলেছের স্যান্ডেল পড়ে থাকতে দেখে স্থানীয়রা খালের পানিতে খোঁজাখুঁজি করে মোখলেছের পড়নের গেঞ্জি ও লুঙ্গী খুঁজে পায়। পরদিন বৃহস্পতিবার সকালে ওই খালের পানিতে মোখলেছের লাশ ভেসে উঠে। 

ওসি ইজার উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।