রাত ৮টার পর দোকান খোলা, আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আড়াইহাজার সদরের অনেক দোকানি রাত ৮ টার পর দোকান বন্ধ করার সরকারি নির্দেশ অমান্য করে। এমন অসঙ্গতির খবর পেয়ে বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তার এর নেতৃত্বে বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে। এ সময় রাজিবের কাপড়ের দোকান ও সেলিমের ইলেক্ট্রিক দোকানে এক হাজার টাকা জরিমানা করা হয়। অপর দিকে, অতিরিক্ত বৈদ্যুতিক বাতি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ অপচয় না করার জন্য কলাপাতা ফুড কর্ণারকে মৌখিকভাবে সতর্ক করে দেন।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেখে বাজারের অন্যান্য দোকানিরা শার্টার বন্ধ করে পালিয়ে যায়। ম্যাজিস্ট্রেট  পান্না আক্তার বাজারের ব্যবসায়ীদের সতর্ক করে দেন।

araihazar photo 1 (1)

জানা গেছে, সরকারি নির্দেশনা মোতাবেক রাত ৮ টার পরে আড়াইহাজার উপজেলার বাজারে শপিংমল, দোকানপাট ও আলোকসজ্জা বন্ধের লক্ষ্যে বৃহস্পতিবার অভিযান চালানো হয়। অভিযানে আরও অংশ নেন আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ আজিজুল হক হাওলাদার, আড়াইহাজার পল্লী বিদ্যুতের এজিএম হাসান তারেক, ইঞ্জিনিয়ার আবু রায়জান, ইসি হাফিজুর রহমান প্রমুখ।  

নির্বাহী ম্যাজিষ্ট্রেট পান্না আক্তার বলেন, সরকার বিদ্যুৎ সাশ্রয়ে যত্নবান হওয়ার জন্য রাত ৮টার পর সব দোকানপাট, বিপনি বিতান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে অতিরিক্ত আলোকসজ্জা না করার ও নির্দেশ দিয়েছেন। কিন্তু ব্যাবসা প্রতিষ্ঠানগুলো সেই নির্দেশ উপেক্ষা করে নির্ধারিত সময়ের পরও দোকানপাট গুলো খোলা রাখছে এবং কোনো কোনো দোকানে অতিরিক্ত অরোকসজ্জা ব্যবহার করে যাচ্ছে। এ সংবাদ পেয়েই তিনি অভিযানে নেমেছেন। তিনি আরও জানান, এ অভিযান অব্যাহত থাকবে।