গারো পাহাড় রক্ষায় বিশ্ব হাতি দিবসে র‌্যালি 

‘যদি থাকে হাতির বিহার, রক্ষা পাবে গারো পাহাড়’-এমন স্লোগানে বিশ্ব হাতি দিবসে শেরপুরে র‌্যালি ও  সচেতনতামূলক পথসভা করেন প্রকৃতিপ্রেমী ও পরিবেশবাদীরা। শুক্রবার (১২ আগস্ট) নবগঠিত প্রকৃতি ও জীবন ক্লাব এবং শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটির যৌথ উদ্যোগে শহরের নিউ মার্কেট চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

র্যা লিতে প্রকৃতি ও জীবন ক্লাব শেরপুর জেলা কমিটির উপদেষ্টামণ্ডলী, সদস্য, শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটির নেতা ও সুধীবৃন্দ অংশ গ্রহণ করেন। পরে নিউ মার্কেট সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ প্রাঙ্গণে পথসভায় বক্তব্য রাখেন প্রকৃতি ও জীবন ক্লাব শেরপুর জেলা কমিটির উপদেষ্টা কমিটির সদস্য ফকির শহীদুজ্জামান শহীদ। 

এসময় শেরপুর প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়কারী হাকিম বাবুল, উপদেষ্টা কমিটির সদস্য জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ, এস এম আবু হান্নান, কার্যকরী কমিটির সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক জ্যোতি পোদ্দার, সাংগঠনিক সম্পাদক শরণ রায়, শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটির সভাপতি সুজয় মালাকার সদস্য মিঠুন কোচ, লিটন চন্দ্র সাহা, শাহরিয়ার মিশুক, শেরপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক শাহরিয়ার সুলতানা শুভ্রা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান থেকে গারো পাহাড়ের বন্যহাতি সুরক্ষায় হাতির করিডোর, চলাচলের পথ ও আবাসস্থল সংরক্ষণ, বনে হাতির খাবার উপযোগী বনায়ন এবং শেরপুরের সীমান্ত জনপদের পাহাড়ি অঞ্চলে বন্যহাতি সুরক্ষায় হাতির অভয়ারণ্য সৃষ্টির দাবি জানানো হয়। 

এদিকে, বিশ্ব হাতি দিবস উপলক্ষে বন বিভাগ এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক ও শ্রীবরদীর বালিজুড়ি রেঞ্জকার্যালয় এলাকায় সচেতনতামূলক র্যা লি ও আলোচনা সভা হয়েছে। এতে সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, এলিফেন্স রেসপন্সটিমের সদস্য ও স্থানীয় অধিবাসীরা অংশ গ্রহণ করেন।