মার্কিন তৈরি রাডার, ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি রাশিয়ার 

ইউক্রেনের দোনেতস্ক অঞ্চলে মার্কিন তৈরি একটি এএন/এমপিকিউ-৬৪ রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। শুক্রবার (১২ আগস্ট) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

দৈনিক সংবাদ বিজ্ঞপ্তিতে রুশ পররাষ্ট্রমন্ত্রণালয় আরও জানিয়েছে, রাশিয়ার বাহিনী মার্কিন তৈরি এম-১৪২ হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (ব্যবস্থা) তথা হিমার্স গুড়িয়ে দিয়েছে। 

তবে রাশিয়ার এই দাবি নিয়ে ইউক্রেনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। এছাড়া আল জাজিরার পক্ষ থেকে রুশ এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১৭০ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোন লক্ষণ। উলটো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।