জাবি উপাচার্য প্যানেল: বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের জয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য প্যানেল নির্বাচনে সর্বোচ্চ ৪৮ ভোট পেয়ে প্রথম হয়েছেন সাবেক উপ-উপাচার্য (প্রশাসন) ও অর্থনীতি বিভাগের শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মো. আমির হোসেন। 

শুক্রবার (১২ আগস্ট) রাত আটটায় বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে ৪৬ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন বর্তমান উপাচার্য অধ্যাপক নূরুল আলম। এছাড়া ৩২ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন অধ্যাপক অজিত কুমার মজুমদার।

এর আগে, এদিন বেলা চারটায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট কক্ষে সিনেটের বিশেষ সভা শুরু হয়। পরে সন্ধ্যা ছয়টায় উপাচার্য প্যানেল নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়।

সিনেটে নির্বাচিত তিনজনের এই প্যানেল বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের ১১ (১) ধারা অনুযায়ী এই তিনজনের মধ্য থেকে একজনকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।

বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ বলেন, নির্বাচনে ৮২ জন সিনেটরের মধ্যে ৭৬ জন ভোট প্রদান করেছেন। বিশ্ববিদ্যালয়ের আচার্যের কাছে তিন সদস্যের এই প্যানেল পাঠানো হবে।

উল্লেখ্য, উপাচার্য প্যানেল নির্বাচনে শিক্ষকদের তিনটি পক্ষ থেকে মোট আটজন প্রার্থী ছিলেন। যাদের মধ্যে প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান ২৩ ভোট পেয়ে চতুর্থ হন ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফী ২০ ভোট পেয়েছেন। 

এছাড়া শিক্ষক সমিতির সভাপতি ও গণিত বিভাগের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ ১৯ ভোট, বাংলা বিভাগের অধ্যাপক পৃথ্বীলা নাজনীন নীলিমা ১৫ ভোট এবং রসায়ন বিভাগের অধ্যাপক তপন কুমার সাহা ৭ ভোট পেয়েছেন।