জলাবদ্ধতার শিকার হবিগঞ্জ শহর

মাঝারি বৃষ্টিপাতেই হবিগঞ্জ জেলা শহরের প্রধান প্রধান সড়কসহ অধিকাংশ আবাসিক এলাকা পানিতে তলিয়ে  যায়। পুরানো খোয়াই নদী দখল, অপরিকল্পিত ড্রেনেজব্যবস্থা ও নিয়মিতভাবে ড্রেন পরিষ্কার না করাতেই এই জলাবদ্ধতার সৃষ্টি। বিশেষ করে পৌর এলাকার পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনের সড়ক, শায়েস্তা নগর হকার্স মার্কেট, শায়েস্তা নগর আবাসিক এলাকা, শ্যামলী এলাকা, গরুর বাজার, ঘাটিয়া বাজার, কালিগাছতলা এলাকায় হাঁটুপানি জমে। ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি ভেঙে শহরবাসীর চলাচলে দেখা যায় চরম দুর্ভোগ। আবাসিক এলাকায় কিছু কিছু বাসার ভেতরে নোংরা পানি প্রবেশ করে। নোংরা ও দুর্গন্ধযুক্ত পানিতে মশা, মাছি ও ক্ষতিকর পোকা  অতিরিক্ত বেড়েছে। জেলা শহরের বিভিন্ন সামাজিক সংগঠন এই জলাবদ্ধতা দূরীকরণে বিভিন্ন সময়ে মানববন্ধন করেছে। যথাযথ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে। তবু এই জলাবদ্ধতা দূর করতে কর্তৃপক্ষীয় কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না। তাই যত দ্রুত সম্ভব, শহরবাসীকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি দিতে  সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

সৈয়দ আসাদুজ্জামান সুহান, পশ্চিম ভাদৈ, হবিগঞ্জ