নেত্রকোনা পৌর এলাকার আনন্দবাজার-সাতপাই বাইপাস সড়কে আনন্দবাজার মোড়ে সেতুটি প্রশস্ত করে নির্মাণের দাবি জানানো হয়েছে। এলাকাবাসী ও যানবাহন চালকরা পৌর কতৃর্পক্ষের কাছে এ দাবি জানিয়েছেন। এই পাকা সেতুটি প্রশস্ত না করায় ছোট ছোট যানবাহন চলাচলে যেমন সমস্যা হচ্ছে, তেমনি পথচারীদেরও চলাচলে সমস্যা হচ্ছে। এছাড়া সেতুটিও দুর্বল হয়ে পড়েছে এবং যে কোনো সময় ভেঙে পড়ারও আশঙ্কা রয়েছে।
এলাকার বাসিন্দা আলপনা বেগম, শিমুল মিলকী এবং এ কে এম আব্দুল্লাহ বলেন, সেতুটির ওপর রিকশা বা অটোরিকশা উঠলে কেউই মোটর সাইকেল নিয়ে সেতু দিয়ে চলতে পারেন না। এমনকি হেঁটে যেতেও সমস্যা হয়। সব যানবাহন সেতু থেকে পেছন দিকে নেমে গেলে অন্যরা সামনে এগোতে পারেন।
পৌর কাউন্সিলার মো. হুমায়ূন তালুকদার বলেন, সেতুটি প্রশস্ত করার জন্য পৌরসভা থেকে প্রকল্প গ্রহণ করা হয়েছে। অর্থ বরাদ্দ হলেই কাজ ধরা হবে।
মেয়র আলহাজ নজরুল ইসলাম খান বলেন, এই সেতুটি প্রশস্ত করা হবে। প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করা হচ্ছে। বর্তমানে নেত্রকোনা পৌর এলাকার বেশ কয়েকটি বড় সেতু এবং সড়ক নির্মাণের প্রক্রিয়া চলছে। এগুলো শেষ হলে এই সেতুর কাজ ধরা হবে।