চাটমোহরে বাড়ছে নিত্যপণ্যের দাম

জ্বালানি তেলের দাম বাড়ার পর বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। পাবনার চাটমোহরে বেড়েছে সব ধরনের সবজির দাম। গত তিন দিনে সবজি কেজিতে ১৫-২০ টাকা করে বেড়েছে। বেড়েছে মাছ, মাংস, মুরগি ও ডিমের দামও। ভোগ্যপণ্যের পাশাপাশি নিত্যব্যবহার্য পণ্যের দামও বেড়েছে। 

সরেজমিনে চাটমোহর পৌরসভার নতুন বাজার, পুরাতন বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজারে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। কাঁচা মরিচের কেজি এখন ২৬০ টাকা। নতুন শিমের কেজি ২০০ টাকা। পাকা টমেটো বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। বরবটির কেজিতে ১০ টাকা বেড়ে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। শসা ৫০ টাকা, আলু ৩৫ ও পেঁয়াজ ৪০ টাকায় বিক্রি হচ্ছে। দাম বাড়ার এ তালিকায় রয়েছে কাঁচা পেঁপে, পটোল, বেগুন, ঝিঙে, কাঁচা কলা, করলাসহ অন্যান্য সবজি। এছাড়া ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০-১৭৫ টাকায়, লেয়ার ২৫০, সোনালি ২৬০ আর দেশি মুরগি ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম বেড়েছে সব ধরনের মাছের। 

ক্রেতা মহরাম ও কামরুজ্জামান বলেন, এমনিতেই বাজারে সবকিছুর দাম বাড়তি। দিন দিন জিনিসপত্রের দাম অসহনীয় পর্যায়ে যাচ্ছে। এভাবে বিভিন্ন অজুহাতে সবকিছুর দাম বাড়লে সাধারণ মানুষের পক্ষে টিকে থাকাই কঠিন হয়ে যাবে। পুরাতন বাজারের আড়তদার সাইফুল ইসলাম বলেন, ‘পাইকারি আড়তে সব সবজির দাম কেজিতে ১৫-২০ টাকা করে বেড়েছে। তেলের দাম বাড়াতে গাড়ি ভাড়া বেড়েছে। আমরা বেশি দাম দিয়ে কিনে আনি,তাই বেশি দামে বেচতে হয়।’