'যুদ্ধের সমাপ্তি মানে ক্রিমিয়া ইউক্রেনের দখলে আসা' 

ক্রিমিয়া ইউক্রেনে ফিরে আসলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটতে পারে। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক বলেছেন, যুদ্ধের অবসানের জন্য, তার দেশ ক্রিমিয়ার প্রত্যাবর্তনের পাশাপাশি যুদ্ধ শুরু করা রাশিয়ান নেতাদের শাস্তি চাইবে। খবর আল-জাজিরার। 

পোডোলিয়াক টুইটে বলেছেন, রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এটি অবশ্যই ক্রিমিয়ার মুক্তি ও 'বিশেষ সামরিক অভিযান' শুরুকারীদের আইনি শাস্তি দিয়ে শেষ করতে হবে।

অন্যদিকে রাশিয়া হুমকি দিয়েছে, ক্রিমিয়ায় ইউক্রেন আক্রমণ করলে তার ফল ভুগতে হবে। কিয়েভে আক্রমণ চালাবে রাশিয়া। তবে সেনাঘাঁটির বিস্ফোরণের পর রাশিয়া তেমন কোনো পদক্ষেপ নেয়নি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১৭১ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোন লক্ষণ নেই। উলটো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির সংঘাত আরও বেড়ে যাচ্ছে।