আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সহিংসভাবে একটি নারীদের বিক্ষোভ হটিয়ে দিয়েছে। এই নিয়ে রবিবার (১৪ আগস্ট) ইউরোপ ইউনিয়ন বলে, দেশটির নারী ও মেয়েদের অবস্থা খারাপ হওয়ার বিষয়ে তারা 'বিশেষভাবে উদ্বিগ্ন'। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।
শনিবার (১৩ আগস্ট) তালেবান যোদ্ধারা কাবুলে নারীদের 'রুটি, কাজ ও স্বাধীনতা' মিছিলে অংশ নেওয়া বিক্ষোভকারীদের মারধর করেছে। এছাড়া ফাঁকা আকাশে গুলি ছুড়েছে। এছাড়া বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন নারীকে কাছের দোকানে ধাওয়া করে রাইফেল দিয়ে আঘাতও করেছে।
২০২১ সালের ১৫ আগস্ট তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ ফিরে পায়। এরপর থেকেই ক্রমবর্ধমান বিধিনিষেধের ওপর জোর দেয় তারা, বিশেষ করে নারীদের ওপর তাদের কড়া বিধিনিষেধ নেমে আসে।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল এক বিবৃতিতে জানান, ইউরোপিয়ান ইউনিয়ন বিশেষ করে আফগান নারী ও মেয়েদের ভাগ্য নিয়ে উদ্বিগ্ন। যারা তাদের স্বাধীনতা, অধিকার ও শিক্ষার মতো মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
তিনি আরও জোর দিয়ে বলেন, আফগানিস্তান যেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিয়ম অনুযায়ী কোন দেশের নিরাপত্তার হুমকি না হয়।
সম্প্রতি যুক্তরাষ্ট্র কাবুলে ড্রোন হামলা চালিয়ে আল-কায়েদার প্রধান আয়মান আল-জাওয়াহিরিকে হত্যা করে। তালেবানরা দাবি করেছে, আফগানিস্তানে জাওয়াহিরির উপস্থিতি সম্পর্কে তাদের কোনো জানা ছিল না।