নেত্রকোনার পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার হাতে এক চাচা খুন হয়েছেন। হত্যার শিকার ব্যক্তির নাম কুতুব উদ্দিন (৬২)। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের ভবানীপুর গ্রামে। নিহত কুতুব উদ্দিন ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও ভবানীপুর গ্রামের মৃত অমিত উদ্দিনের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত কুতুব উদ্দিনের সঙ্গে তার ভাতিজা মোজাম্মেল, সাত্তার ও সোহাগের পারিবারিকভাবে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার সকালে নিজ বাড়িতে কুতুব উদ্দিনের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে মোজাম্মেল, সাত্তার ও সোহাগ ক্ষিপ্ত হয়ে তাদের চাচা কুতুব উদ্দিনকে পিটিয়ে আহত করে। বাড়ির লোকজন গুরুতর আহত অবস্থায় কুতুব উদ্দিনকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল তিনটার দিকে তিনি মারা যান।
আরও পড়ুন: মানিকগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ঘটনা শুনেছি। তবে এ ব্যাপারে এখনও মামলা হয়নি। মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/নূহু