রুশ বাহিনী দক্ষিণ ইউক্রেনের মিকোলাইভ অঞ্চলে রকেট ছুড়েছে। এই হামলায় অন্তত একজন নিহত হয়েছে বলে আল-জাজিরার প্রতিবেদনে জানা গেছে।
মিকোলাইভ অঞ্চলটি রাশিয়ার দখলকৃত খেরসন শহরের উত্তরে অবস্থিত। ইউক্রেনীয় বাহিনী এই শহরটি পুনরুদ্ধার করার প্রতিশ্রুতি দিয়েছিল এবং এজন্য তীব্র লড়াই চালাচ্ছে।
দেশটির জরুরি পরিষেবা জানিয়েছে, বেরেজনেহুভেতে মিকোলাইভ অঞ্চলের বসতিতে গোলাগুলিতে একজন নিহত হয়েছে।
যুদ্ধের কার্যত প্রথম দিন থেকে খেরসন অঞ্চল রাশিয়ার সেনার দখলে ছিল। সম্প্রতি দূরপাল্লার মিসাইলের সাহায্যে ইউক্রেনের সেনা খেরসন অঞ্চলের গুরুত্বপূর্ণ নদী নিপ্রোর অন্তত তিনটি সেতু ধ্বংস করেছে। ওই ব্রিজের মাধ্যমে রাশিয়া খেরসনে সেনাবাহিনীর জন্য প্রয়োজনীয় জিনিস পাঠাতো।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১৭২ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উলটো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।