‘আর্চারের জন্য তৈরি উইন্ডিজ’

স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগের ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর এবার ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবারের এ ম্যাচটির আগে কোচ ফ্লয়েড রেইফার জানালেন ইংলিশ পেসার জোফরা আর্চারকে সামলাতে প্রস্তুত তার দল।

বার্বাডোসে জন্ম নেওয়া আর্চার ক্রিকেট ক্যারিয়ারের শুরুটা ওয়েস্ট ইন্ডিজের হয়েই করেছিলেন। বয়সভিত্তিক পর্যায়ে ক্যারিবীয়দের হয়ে খেলার পর বাবার দেশ ইংল্যান্ডকেই সিনিয়র ক্যারিয়ারের জন্য বেছে নেন। গেল মার্চে ইংল্যান্ডের হয়ে খেলার জন্য উত্তীর্ণ হওয়া আর্চার ইতোমধ্যেই বিশ্বের অন্যতম ভয়ঙ্কর বোলার হিসেবে পরিচিতি পেয়ে গেছেন। বাংলাদেশ আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পেয়েছিলেন তিনটি করে উইকেট।

তবে উইন্ডিজ কোচ জানালেন সাবেক ক্যারিবীয় এই খেলোয়াড়কে সামলাবার সব প্রস্তুতি সেরে রেখেছে তার দল। রেইফার বলেন, ‘সত্যি বলতে কি আমরা জফরাকে অনেক বড় সময় ধরেই চিনি। সে একজন বার্বাডিয়ান যেখান থেকে আমরাও এসেছি। আমরা তাকে অনূর্ধ্ব ১৫, অনূর্ধ্ব ১৭, অনূর্ধ্ব ১৯ থেকে চিনি ফলে সে আমাদের কাছে অচেনা কেউ হবে না। হ্যাঁ সে জোরে বল করে কিন্তু এর সঙ্গেও আমরা অপরিচিত নই। আমরা চ্যালেঞ্জটা নিতে চাই।’