শাহজাদের অবসরের হুমকি

স্পোর্টস ডেস্ক

আফগান উইকেটরক্ষক মোহাম্মদ শাহজাদকে বিশ্বকাপের মাঝপথেই আনফিট বলে দল থেকেই বাদ দিয়ে দিয়েছিলো আফগানিস্তান। যদিও নিজেকে ফিট দাবি করে ৩২ বছর বয়সী এই ক্রিকেটারের দাবি, জোর করে দল থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। আর এর প্রতিবাদে তিনি অবসর নিয়ে ফেলার হুমকিও দিয়ে রেখেছেন।

বিশ্বকাপে আফগানিস্তানের শুরুর দুই ম্যাচে দলে ছিলেন শাহজাদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরা শাহজাদ পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন মাত্র ৭ রান। এরপর গত বৃহস্পতিবার আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাকে দল থেকে ছেঁটে ফেলে। তারা জানায় যে হাঁটুর চোটের কারণে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোয় আর খেলতেই পারবেন না তিনি। কিন্তু শাহজাদ জানান, মেডিক্যাল দল তাকে বলেছিলো হাঁটুর চোট কাটিয়ে কিছুদিনের মধ্যেই মাঠে ফিরতে পারবেন তিনি। তারপরও তাকে দল থেকে ছেঁটে ফেলায় যারপরনাই ক্ষুব্ধ তিনি।

দেশে ফিরে কাবুলে স্থানীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি খেলি এটা যদি নাই চায় তারা, তবে আমি ক্রিকেট থেকে অবসরই নিয়ে নেবো। ভবিষ্যতে আর এই খেলায় নিজেকে দেখছি না আমি। যদি তাদের সমস্যাই থাকে তবে আমাকে জানানো উচিত তাদের। আমি লন্ডনে ডাক্তারের কাছে গিয়েছিলাম এবং তিনি বলেছিলেন বিশ্রাম নিয়ে দুই তিন দিন পর থেকেই মাঠে ফিরতে পারবো আমি।’

এর আগে ২০১৫ বিশ্বকাপেও ফিটনেসের কারণেই সুযোগ পাননি তিনি। এবার বিশ্বকাপে সুযোগ পেয়েও দল থেকে ছিটকে গেলেন তিনি।

ক্ষুব্ধ শাহজাদ বলেন, ‘২০১৫ বিশ্বকাপ থেকেও বাদ দেয়া হয়েছিলো আমাকে এবং এবারও। আমি আমার বন্ধু ও পরিবারের সঙ্গে এ নিয়ে আলোচনায় বসবো। আমার মন আর ক্রিকেটে নেই।’

যদিও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী আসাদুল্লাহ খান অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, ‘এটা খুবই ভুল কথা যে ওকে বাদ দিয়ে আমরা কোনো নীতি ভঙ্গ করেছি। আমরা আইসিসিকে ও মেডিক্যাল রিপোর্ট পাঠিয়েছি, সেটাতেই আসলে প্রমাণ হয়ে যায় যে সে আনফিট। এর প্রেক্ষিতেই আমরা ওর বদলি পাঠিয়েছি।’