রাজধানীর চকবাজারে দেবীদ্বার ঘাটে পলিথিন কারখানায় আগুনের ঘটনায় ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ইত্তেফাক অনলাইকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টাফ অফিসার মো. শাহজাহান শিকদার।
শাহজাহান শিকদার বলেন, ‘পলিথিন কারখানার ওপরে বরিশাল হোটেল থেকে দগ্ধ ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।’
নিহত ব্যক্তিরা সকলেই বরিশাল হোটেলের কর্মচারী। রাতে ডিউটি করে হোটেলের ওপর একটি রুমে তারা ঘুমাচ্ছিলেন।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, ওই ভবনের নিচতলায় ‘বরিশাল হোটেল’ নামে একটি হোটেল আছে। সেখান থেকে আগুনের সূত্রপাত। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
এর আগে সোমবার (১৫ আগস্ট) ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় দুপুর ২টা ২০ মিনিটে চকবাজারের দেবীদ্বার ঘাটে পলিথিন কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে আসে। দুপুর ১২টার দিকে সেখানে আগুনের সূত্রপাত হয়।