পুরান ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ডে নিহত ছয় পরিবারকে দুই লাখ টাকা করে সহায়তার ঘোষণা দিয়েছে সরকার। আজ মঙ্গলবার (১৬ আগস্ট) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান এ ঘোষণা দেন।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আখতারুল ইসলাম এ তথ্য জানান। এছাড়া অগ্নিকাণ্ডে নিহত হ্ওয়ার ঘটনায় গভীর শোক জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী।
সোমবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজধানীর চকবাজারে পলিথিন কারখানায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে দুপুর ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। বিকেল পৌনে ৫টার দিকে আগুন লাগা ভবন থকে ছয়জনের লাশ উদ্ধার করে দমকল কর্মীরা। নিহতরা ভবনটির নিচতলার বরিশাল হোটেলের কর্মচারী। হোটেলটির ঠিক উপরেই তাদের থাকার ব্যবস্থা ছিল। রাতভর কাজ শেষে সোমবার সকালে তারা একসঙ্গে ঘুমাতে গিয়েছিলেন। এরপর অগ্নিকাণ্ডে প্রাণ হারান তারা।