আনসার আল ইসলামের সদস্য গ্রেফতার

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর বাড্ডা থেকে আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। ঐ ব্যক্তির নাম নুর আলম ওরফে আলম (৩৩)। আলম পূর্ব বাড্ডার পোস্ট অফিস গলির দুই নম্বর বাসার মৃত নাসির উদ্দিনের ছেলে। গতকাল ভোরে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

র্যাবকে দেওয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলম জানিয়েছে, সে ২০০৮ সাল থেকে বাড্ডা কেন্দ্রিক ‘জামায়েতুল মুসলিমীন’ নামে একটি সংগঠনের সমর্থক ছিলেন। পরে ২০১০ সালে সে জসীমুদ্দীন রাহ্মানির অনুসারী হিসেবে আনসার আল ইসলামে যোগ দেন। ২০১৩ সালে জসীমুদ্দীন রাহ্মানি গ্রেফতার হওয়ার পর আলম গোপনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে থাকে। আলমের দেওয়া তথ্য মতে, আনসার আল ইসলাম সংগঠনের আদর্শ ও উদ্দেশ বাস্তবায়ন করার জন্য সংগঠনের সদস্যদের দেশের বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র টিমে ভাগ করে সাংগঠনিক দায়িত্ব পালন করে আলম বাড্ডা কেন্দ্রিক আনসার আল ইসলামের গোপন টিমের সক্রিয় সংগঠক হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি আনসার আল ইসলামের রিক্রুটার, মোটিভেটর, মাসিক চাঁদা প্রদানকারী ও অন্যতম সংগঠক হিসেবে দায়িত্বে ছিল।