আন্তর্জাতিক আরকাইভস দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি

গত ৯ জুন ছিল আন্তর্জাতিক আরকাইভস দিবস। এ দিন আগারগাঁওয়ে অবস্থিত আরকাইভস ও গণগ্রন্থাগার অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিনের কর্মসূচি এবং সপ্তাহব্যাপী আরকাইভাল রেকর্ডস প্রদর্শনী উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল। এবারের প্রতিপাদ্য ‘Designing in the Archives in the 21st Century’. এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে, গবেষণা ও পাঠক সেবাসহ সব সেবা কার্যক্রম সহজীকরণের লক্ষ্যে ৯-১৭ জুন অধিদপ্তরে ‘সেবা সপ্তাহ’ ঘোষণা করা হয়েছে। তারই অংশ হিসেবে ১০-১২ জুন মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে আরকাইভস বিষয়ে উপস্থাপনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এছাড়া ১৩ জুন চট্টগ্রাম ও বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং দিনাজপুর ও নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সঙ্গে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে। ১৬ জুন প্রতিপাদ্যের বিষয়ে সেমিনার ও ১৭ জুন সিলেট বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভায় আরকাইভসের কার্যক্রম নিয়ে উপস্থাপন ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, ইন্টারন্যাশনাল কাউন্সিল অন আরকাইভস (আইসিএ) এ বছর ৩-৭ জুন আন্তর্জাতিক আরকাইভস সপ্তাহ ঘোষণা করলেও এ সময় বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতরের ছুটি থাকায় কর্মসূচি পরিবর্তন করা হয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি