গ্যাসলাইন বিস্ফোরণে শিশুর মৃত্যু, আহত তিন

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীতে সুয়ারেজ লাইনে জমে থাকা গ্যাস বিস্ফোরিত হয়ে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে শিশুটির মা সাথী আক্তার (৩০), বোন আদিবা (১০) এবং মো. রুবেল (৩০) নামে এক ভ্যানচালক। মর্মান্তিক এ ঘটনটি ঘটে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শ্যামপুরের মুন্সিবাড়ি ঢাল পাইপ রাস্তা মোড়ে। আহতদের ভর্তি করা হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সাথী আক্তার তার দুই শিশুকে নিয়ে জুরাইন থেকে শ্যামপুর পাইপ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। শিশু দু’টি তার আগে আগে হাঁটছিলো। এমন সময় পাইপ রাস্তার মোড়ে পৌঁছালে নিচে থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তারাসহ আরো এক ভ্যানচালক আহত হয়েছেন। তাত্ক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় শিশু আবিরের মৃত্যু হয়। তাদের বাসা ধুপখোলা মুরগিটোলা এলাকায়। শিশু দুটির বাবার নাম সজীব।

শ্যামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, একটি বিস্ফোরণের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের টেলিফোন অপারেটর আব্দুর রহমান জানান, পাইপ রাস্তার মোড়ে গ্যাসলাইন বিস্ফোরণে ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কাজ করছে। ধারণা করা হচ্ছে, সুয়ারেজ লাইনে গ্যাস জমে এ বিস্ফোরণ ঘটেছে।