বাংলাদেশের ক্রিকেটে ‘টেস্ট বিশেষজ্ঞ’ পেসারের তকমাই এতদিন এবাদত হোসেনের নামের পাশে শোভা পেত। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর টানা তিন বছর লাল বলেই খেলেছেন এবাদত। এবার সাদা বলের ক্রিকেটেও ডাক পড়েছে ডানহাতি এ পেসারের। আগে ডাক পেলেও জিম্বাবুয়ে সফরের শেষ ম্যাচে ওয়ানডে অভিষেক হয়েছে এবাদতের। ৩৮ রানে ২ উইকেট নিয়েছেন তিনি।
যার মধ্যে সিকান্দার রাজার মহামূল্য উইকেট ছিল। এবাদত ইয়র্কারে বোল্ড করেছেন আগের দুই ম্যাচে সেঞ্চুরি করা সিকান্দারকে। সাদা বলের এই সাফল্য বাংলাদেশের টি-২০ দলেও জায়গা করে দিয়েছে এবাদতকে। এশিয়া কাপের জন্য ঘোষিত বাংলাদেশ দলে ডাক পেয়েছেন ২৮ বছর বয়সি এ পেসার।
প্রথমবার টি-২০ দলে ডাক পেয়ে খুশি এবাদত। তার মতে, সংক্ষিপ্ত ফরম্যাটে সাফল্য পেতে বল হাতে বুদ্ধিমত্তার প্রয়োগ দেখাতে হবে। ব্যাটসম্যানদের আক্রমণ থামাতে মাথা খাটিয়ে বোলিং করার দিকেই মনোযোগী তিনি।
টেস্ট ও টি-২০-র বোলিংয়ের পার্থক্য নিয়ে এবাদত গতকাল বলেছেন, ‘টেস্টে দেখেন সারা দিন বল করার একটা সুযোগ থাকে আর টি-টোয়েন্টি হলো শর্টার ফরম্যাট। এখানে মানিয়ে নেওয়ার মতো ব্যাপার হলো বুদ্ধি খাটিয়ে বল করতে হবে, যেহেতু উইকেট ভালো থাকবে, ব্যাটসম্যান আগ্রাসি থাকবে। তো পরিকল্পনা করে বল করাটাই মূল বিষয় আমার কাছে মনে হয়।’
টেস্টে ১৭ ম্যাচে ৩১ উইকেট পেয়েছেন এবাদত। ঘরোয়া টি-২০ তে ৪৩ ম্যাচে ৪২ উইকেট তার ঝুলিতে। ইকোনমি প্রায় আট (৭.৮২)। তাই ফর্মে থাকলেও এই ফরম্যাটে জ্বলে উঠা সহজ হবে না এবাদতের জন্য।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। মধ্যপ্রাচ্যের দেশটির গরমকে বড় সমস্যা মনে করেন না এবাদত। তিনি বলেন, ‘গরম কোনো অজুহাত না, আমাদের দেশেও অনেক গরম। গরম আমার কাছে তেমন কিছু মনে হচ্ছে না। উইকেটটা ওখানে ভালো থাকবে বুদ্ধি করে বল করতে হবে।’
টি-২০-তে ভালো করতে বোলারদের বড় ভূমিকা দেখছেন এবাদত। বিশেষ করে ব্যাটসম্যানদের ওপর চাপ কমাতে রান আটকানোর কাজটা বোলাররাই করেন। ডানহাতি এ পেসার বলেন, ‘আমরা বোলাররা যদি কম রানে আটকে দিতে পারি তাহলে আমাদের ব্যাটসম্যানদের জন্য কাজ সহজ হয়ে যায়। বাড়তি দায়িত্ব সবারই থাকবে, ব্যাটসম্যান হোক বোলার হোক। আমরা সবাই মিলে চেষ্টা করব।’
গত ৫ ম্যাচে টি-২০-তে বাংলাদেশের জয় মাত্র একটি। এশিয়া কাপে দল হিসেবে জয়ের ছন্দে ফিরতে চায় টাইগাররা। এবাদত বলেন, ‘আমরা দল হিসেবে ভালো খেলছি না মানে, এই না যে, আমরা টি-২০ খেলতে পারি না। আমরা অদূর ভবিষ্যতে ভালো দল হয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ।’