ফের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে তুরস্ক-ইসরায়েল 

ফের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে তুরস্ক-ইসরায়েল সরকার। দেশ দুইটির মধ্যে সম্পর্কের উন্নতির ফলে উভয় দেশই তাদের রাষ্ট্রদূত নিযুক্ত করবে বলে জানিয়েছে। খবর আল-জাজিরার। 

ইতোমধ্যে এই নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিড ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে কথা হয়েছে। এর পর ইয়ার ল্যাপিডের কার্যালয় জানায়, সম্পর্কের উন্নতি দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর করতে সাহায্য করবে। এছাড়াও দেশ দুইটির অর্থনৈতিক, বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক সম্প্রসারণে ও আঞ্চলিক স্থিতিশীলতাকে শক্তিশালী করতে অবদান রাখবে।

আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, রাষ্ট্রদূত নিয়োগ সম্পর্ক স্বাভাবিক করার অন্যতম পদক্ষেপ। এই প্রচেষ্টার ফলস্বরূপ ইসরায়েলের কাছ থেকে একটি ইতিবাচক জবাব এসেছে। তুরস্ক থেকেও তারা ইসরায়েলের তেল আবিবে রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

মেভলুত আরও বলেছেন, এই পদক্ষেপের অর্থ এই নয় যে তুরস্ক ফিলিস্তিনির অধিকারের প্রসঙ্গ ত্যাগ করবে। 

জেরুজালেমে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস খোলার বিরুদ্ধে গাজা সীমান্তে বিক্ষোভ চলাকালীন ইসরায়েলি বাহিনীর হাতে ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছিল। এই ঘটনায় ২০১৮ সালে এই দুই দেশ একে অপরের রাষ্ট্রদূতদের বহিষ্কার করেছিল।

চলতি বছরের মার্চ মাসে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ তুরস্ক সফর করেন। এরপর উভয় পররাষ্ট্রমন্ত্রী দেশ দুইটি সফর করেন। এই সফরগুলো ১০ বছরেরও বেশি উত্তেজনার পর দেশ দুইটির সম্পর্ককে পুনঃস্থাপন করতে সাহায্য করেছে। 

ইসরায়েল আঞ্চলিক শক্তিগুলির সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করার সময় এই পদক্ষেপগুলো নেওয়া হয়।