আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতির মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সরকার কোনো ধরনের আন্তর্জাতিক চাপের মধ্যে নেই। তবে বিএনপি বারবার আন্তর্জাতিক মহলের কাছে ধরনা দিচ্ছে, নালিশ করছে। গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক যৌথ সভায় তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, বিদেশিরা কখনো বলেনি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য খারাপ। তারা বলেছে, ‘বন্দি অবস্থায় যেন ভালো চিকিত্সা হয়।’ ভালো চিকিত্সা তো হচ্ছে, ডাক্তারদের পক্ষ থেকে তো কোনো অভিযোগ পাওয়া যায়নি। খালেদা জিয়ার চিকিত্সা সেবা নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তার ডাক্তারদের কোনো শঙ্কা না থাকলেও, বিষয়টি নিয়ে বিএনপি এখন রাজনীতি করার চেষ্টা করছে। খালেদা জিয়ার স্বাস্থ্য খারাপ এটা তো চিকিত্সকরা বলছেন না।
তিনি বলেন, দেশের গণতন্ত্রের সুরক্ষার জন্য শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধীদল প্রয়োজন। ঐক্যফ্রন্টে কোনো, ঐক্য নেই। আমরা এটা চাই না। আমরা চাই দেশে একটা দায়িত্বশীল বিরোধী গড়ে উঠুক। এখন বিরোধী দলের বাস্তবে ভূমিকা পার্লামেন্টে নেই, কোনো স্থানেই নেই। গত দশ বছর চলে গেল, ছোট একটি আন্দোলনও তারা (বিএনপি) করতে পারেনি।
বিএনপির নারী এমপি হিসেবে শপথ নেওয়ার পরপরই ব্যারিস্টার রুমিন ফারহানা বর্তমান সংসদকে অবৈধ বলাকে কীভাবে দেখছেন জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এমপি হয়ে কীভাবে তিনি (ব্যারিস্টার রুমিন ফারহানা) এই সংসদকে অবৈধ বললেন এর মীমাংসা সংসদ অধিবেশনে হবে।
এদিকে উপমহাদেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন। যৌথসভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম আতিক, দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।