‘আমি কোথায় যাবো? এটাই তো আমার দেশ’

‘আপনারা সবাই যে আমাকে এত মিস করেছেন, ভালো বেসেছেন, আমি সত্যিই মুগ্ধ। আপনাদের এতদিন আমি ভীষণ মিস করেছি। আমি নিজেও আপনাদের সঙ্গে দেখা করার জন্য অস্হির হয়ে ছিলাম। কিছুক্ষণ পরপর এয়ার হোস্টেসকে জিজ্ঞেস করছিলাম, আর কতক্ষণ লাগবে।’—দেশে ফেরার পর সাংবাদিক ও ভক্তদের উদ্দেশ্যে কথাগুলো বলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। 

গতকাল দুপুর ১টায় বিমানবন্দরে নামেন এই অভিনেতা। সেখানে আগে থেকেই অপেক্ষমান ভক্তদের ভালোবাসায় সিক্ত হন তিনি। এরপর সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। 

এ সময় তার পরবর্তী পরিকল্পনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘দেশে তো মাত্রই এলাম। আগামীতে কী কাজ করবো তা সময়ই বলে দেবে। তবে এটুকু বলতে পারি স্পেশাল খবর আসছে। সামনে অনেক ভালো ভালো কিছু অপেক্ষা করছে। বাংলা ছবির জন্য কিছু করার চেষ্টা আমার সবসময়ই ছিল। আমাদের বাণিজ্যিক ছবি বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার কাজ করছি। একটা জিনিস বুঝতে হবে, সিনেমার জন্য ভাষা কোনো ফ্যাক্ট না। কোরিয়ান, তামিলসহ বিভিন্ন ইন্ডাস্ট্রির ছবি বিশ্ববাজারে দাঁপিয়ে বেড়াচ্ছে। আমাদেরও সেদিকটা নিয়ে কাজ করতে হবে।’ এদিকে দীর্ঘ ৯ মাস আমেরিকা ছিলেন এই অভিনেতা। এর আগে একাধিকবার দেশে ফেরার কথা শোনা গেলেও ফেরেননি তিনি। 

এই লম্বা সময় আমেরিকায় অবস্থান ও কাজ প্রসঙ্গে শাকিব খান আরও বলেন, ‘দেখুন, বিশ্ববাজারে বাংলা ছবির ভালো অবস্হান তৈরি করাই আমার মূল লক্ষ্য। এ কারণে একটা ছবির মহরতও করেছি নিউইয়র্কে। আমেরিকান ক্রু নিয়ে যার কাজ হবে। আরও ইন্টারন্যাশনাল প্রজেক্টসহ নানা কাজ হবে। আমি চাই বিশ্ববাজারে ছড়িয়ে পড়ুক আমাদের ছবি।’

অন্যদিকে শোনা যাচ্ছে, মাত্র ৩ মাসের জন্য দেশে ফিরেছেন শাকিব খান। নভেম্বরে আবার পাড়ি দেবেন আমেরিকা। এ প্রসঙ্গে জানতে চাইলে শাকিব বলেন, ‘আমি তো এখানেই থাকবো। আমি কোথায় যাবো? এটাই তো আমার দেশ।’ তবে দীর্ঘদিন বাইরের থাকলেও নিয়মিত খোঁজখবর রেখেছেন দেশের ছবির। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘করোনার কারণে সারাবিশ্বই বিরাট ঝুঁকির মাঝে ছিল। আমাদের ইন্ডাস্ট্রিতেও সেই প্রভাব পড়েছিল। তবে পরবর্তীতে বিশ্বের বিভিন্ন দেশের বেশ কিছু ছবি ভালো ব্যবসা করেছে। আমাদের চলচ্চিত্রেও দর্শক ফিরছে এবং ভালো জায়গায় যাচ্ছে।’ 

এর আগে শাকিব খানের আগমন উপলক্ষে সকাল থেকে বিমানবন্দরে ভিড় করে দেশের বিভিন্ন জেলা থেকে আসা কয়েকশ’ শাকিব-ভক্ত। ব্যানার-ফেস্টুন হাতে রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তার নামে শ্লোগান দিতেও দেখা যায় তাদের। ভক্তদের এমন ভালোবাসায় উচ্ছ্বাস প্রকাশ করে শাকিব বলেন, ‘আমি ঠিক জানতাম না এত লোকজন আসবে। ফেসবুকে অত ডিটেইল কিছু দেখতে পারিনি। যতটুকু দেখেছি, তাদের এই ভালোবাসার কাছে আমি সবসময়ই কৃতজ্ঞ।