এবার সর্বোচ্চসংখ্যক যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) করা হবে বলে সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল মঙ্গলবার সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য গোলাম খন্দকার প্রিন্সের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘দুর্গম অঞ্চল, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধীদের শিক্ষা ও নারীশিক্ষাসহ কিছু বিশেষ ক্ষেত্র ছাড়া অন্য কোনো ক্ষেত্রে শৈথিল্য দেখানোর সুযোগ ২০১৮ সালের এমপিও নীতিমালায় নেই। আর নীতিমালার বাইরে গিয়ে কিছু করার সুযোগ মনে হয় না সরকারের মন্ত্রী হিসেবে আমার আছে। নীতিমালার মধ্যে থেকে আমরা সর্বোচ্চসংখ্যক প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করতে পারব বলে আশা করছি।’
দীপু মনি বলেন, প্রত্যেক সংসদ সদস্যের এলাকার মধ্যে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ভালো পারফরম করছে, সেগুলো অবশ্যই এমপিওভুক্তির সুযোগ পাবে। প্রশ্নকর্তা এমপি গোলাম খন্দকার প্রিন্স তাঁর প্রশ্নে সরকারের নীতিমালা পরিবর্তন করে স্থানীয় সংসদ সদস্যের সুপারিশের আলোকে এমপিভুক্তির দাবি জানান।
তাঁর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘আমরা অতীতে দেখেছি দলীয় বিবেচনাকে কীভাবে অপব্যবহার করে যোগ্যতাকে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে।’
এমপিওর শর্ত পূরণে ব্যর্থ হলে পুনরায় যোগ্যতা অর্জন সাপেক্ষে এমপিওভুক্তির আশ্বাস দিয়ে শিক্ষামন্ত্রী ওইসব প্রতিষ্ঠানের দিকে স্থানীয় সংসদ সদস্যদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।