চট্টগ্রাম আদালত ভবনে গতকাল মঙ্গলবার কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কারাবন্দি ১৮ জঙ্গিকে নিয়মিত হাজিরায় আনা হয়। এজন্য আদালত ভবন ও এর আশপাশের এলাকায় পুলিশ ও র্যাবের টিম সকাল থেকে সন্দেহজনক যানবাহনে তল্লাশি চালায়। জনসাধারণের চলাচলে নির্দিষ্ট সময় পর্যন্ত বহাল রাখা হয় কঠোর নজরদারি। পুলিশের পাশাপাশি র্যাবের টিমগুলো নিরাপত্তামূলক অবস্থান নেয় আদালত ভবনের প্রবেশ পথগুলোতে। আদালত সূত্র জানায়, মঙ্গলবার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি ১৮ জঙ্গিকে বিভিন্ন মামলায় নিয়মিত হাজিরার জন্য আদালত ভবনে নিয়ে আসা হয়। জঙ্গিদের হাজিরাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়।
মঙ্গলবার আদালত ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা তল্লাশি চালানো এবং আদালত এলাকায় যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের ব্যাপারে সাময়িকভাবে কঠোর নজরদারি চালানো হয়েছে বলে কোতোয়ালি থানা সূত্র জানায়।