ফুলবাড়ীতে চলতি রোপা আমন মৌসুমের শুরুতেই অনাবৃষ্টি, বিদ্যুৎ সকটের মধ্যে বৃদ্ধি পেয়েছে সার ও ডিজেলের মূল্য। এসব কারণে বিরূপ প্রভাব পড়েছে কৃষির সব ক্ষেত্রে। চাষাবাদে গুনতে হচ্ছে অতিরিক্ত খরচ।
সার ডিলার খোরশেদুল আলম লালু বলেন, চাহিদানুযায়ী পটাশ সার সরবরাহ না পাওয়ায় কৃষকদের চাহিদানুযায়ী সরবরাহ করা যাচ্ছে না। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে আমদানি কমে যাওয়ায় এ সংকট দেখা দিয়েছে।
কিসমত লালপুর গ্রামের কৃষক রাজ কুমার বলেন, সার ও ডিজেলের দাম বেড়ে যাওয়ায় তার খরচ গত বছরে দুই থেকে আড়াই হাজার টাকা হলেও এ বছর খরচ হচ্ছে প্রায় ৫ হাজার। আবাদ খরচ বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ উঠবে কি না তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।
উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা যায়, চলতি আমন চাষ মৌসুমে উপজেলায় ১৮ হাজার ১৯০ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যেই উপজেলার ৭০ শতাংশ জমিতে আমন রোপণ কাজ শেষ হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার বলেন, এখনো আমন ধান রোপণের সময় আছে। আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। এজন্য কৃষি বিভাগ তৃণমূল পর্যায়ের কৃষকদের সঙ্গে সার্বিক যোগাযোগসহ পরামর্শ দিয়ে যাচ্ছে।