রাণীনগরে তেল কম দেওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

রাণীনগরের মেসার্স শাহী ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাণে কম দেওয়ার অভিযোগে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন। বুধবার (১৭ আগস্ট) দুপুরে কয়েক জন ক্রেতার অভিযোগের ভিত্তিতে উপজেলা বাসস্ট্যান্ডসংলগ্ন মেসার্স শাহী ফিলিং স্টেশনে এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন, বুধবার কয়েক জন ক্রেতা ঐ ফিলিং স্টেশন থেকে বোতলে করে ১২০ টাকায় এক লিটার ডিজেল তেল কেনেন। এরপর তেলের পরিমাণ নিয়ে সন্দেহ হলে তারা আবার অন্য একটি বোতলে আরো এক লিটার তেল কেনেন। সেখানেও তেলের পরিমাণ নিয়ে সন্দেহ হলে ক্রেতারা অন্য স্থানে মিটার স্কেলে তেল ওজন করে দেখেন পরিমাণে অনেক কম আছে। 

তখন তারা আমাকে বিষয়টি জানালে প্রথমে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমানকে ঘটনাস্থলে পাঠাই। এরপর নিজে সেখানে গিয়ে ক্রেতাদের বক্তব্যের সত্যতা পাওয়ায় ফিলিং স্টেশনের মালিককে ১২ হাজার টাকা জরিমানা করেছি।