কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১১ মামলার আসামি নিহত

কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাপ্পী ওরফে রাজিব (২৬) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় পুলিশের তিন সদস্য আহত হয়। সোমবার গভীর রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর বিজয়পুর এলাকার হোসেনপুর-লালমতি সড়কের মিল গেটের সামনে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ এ সময় ঘটনাস্থল থেকে একটি ক্রিজ, একটি রামদা ও ১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করে। নিহত বাপ্পী সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকার মৃত দেলোয়ার হোসেন দেলুর ছেলে এবং একাধিক মাদক মামলার আসামি।

পুলিশ জানায়, সোমবার রাত আড়াইটার দিকে উত্তর বিজয়পুর এলাকায় মাদক উদ্ধারে অভিযান পরিচালনা   করে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী বাপ্পী ও তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালালে পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। একপর্যায়ে বাপ্পী গুলিবিদ্ধ হলে তাকে আহতাবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।

সদর দক্ষিণ মডেল থানার ওসি (তদন্ত) কমলকৃষ্ণ ধর জানান, নিহত বাপ্পী পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে সদর দক্ষিণসহ বিভিন্ন থানায় ১১টিরও বেশি মামলা রয়েছে।