সাভারে সাংবাদিককে মারধর, স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

সাভারে উপজেলা পরিষদ চত্বরে দৈনিক তৃতীয় মাত্রার সাভার প্রতিনিধির ওপর হামলার ঘটনায় পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ পাভেল আহমেদকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে ভোরে সাভার পৌরসভার শাহীবাগ মহল্লার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত পাভেল ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার পুকুরপাড় গ্রামের হেফজু মিয়ার ছেলে ও সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে আগেও সাভার প্রেসক্লাবে ঢুকে ক্লাবের সিনিয়র সাংবাদিকদেরকে গালিগালাজ ও লাঞ্চিত করার অভিযোগ রয়েছে। 

পুলিশ জানায়, সাংবাদিক সোহেল রানার ওপর হামলার ঘটনায় করা মামলার তদন্তে পাভেলের সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। পাভেল মামলার অজ্ঞাত আসামি ছিলেন। কিন্তু হামলার দিন উপজেলা চত্বরের ভিডিও ফুটেজে তার সম্পৃক্ততা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। হামলার ঘটনায় সাংবাদিকের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। গুরুতর আহত সাংবাদিক সোহেল রানা বর্তমানে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান রাসেল বলেন, গ্রেফতারকৃত পাভেলকে ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের শনাক্তে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহের জন্য আবেদন করা হয়েছে। হামলার ঘটনায় প্রকৃতপক্ষে যারা জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। 

উল্লেখ্য, গত রবিবার দুপুর দেড়টার দিকে সাভার উপজেলা চত্বরে হামলাকারীরা সাংবাদিক সোহেলকে বেধড়ক মারধর করলে রাতেই হামলার ঘটনায় সোহেলের মামা আশরাফুল ইসলাম বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন।