আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় শ্রমিক আহতের ঘটনায় বাসে আগুন

ইত্তেফাক রিপোর্ট

আশুলিয়ায় রাস্তা পারাপারের সময় তৈরি পোশাক শ্রমিকদের চাপা দেওয়ার ঘটনায় বাসে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। সড়ক দুর্ঘটনায় চার পোশাক শ্রমিক গুরুতর আহত হলে তাদেরকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে আশুলিয়ায় বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকার মেডলার এ্যাপারেলস কারখানার সামনে এ সড়ক দুর্ঘটনা এবং বাসে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বিকেলে মেডলার এ্যাপারেলস নামক তৈরি পোশাক কারখানাটি ছুটি হলে সকল শ্রমিক একযোগে বাসায় ফিরছিলেন। এ সময় রাস্তা পার হওয়ার সময় আব্দুল্লাহপুর থেকে নবীনগরগামী আশুলিয়া ক্লাসিক পরিবহনের একটি বাস চার শ্রমিককে চাপা দেয়। এ ঘটনায় অন্যান্য শ্রমিকরা একজোট হয়ে বাস চালককে মারধর এবং গাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। আহতরা সবাই মেডলার এ্যাপারেলস কারখানার শ্রমিক বলে জানা গেলেও প্রাথমিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ওহিদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় শ্রমিক আহতের ঘটনায় উত্তেজিত শ্রমিকরা বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে আমরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনি। 

সাভারে বন্দুকযুদ্ধে

ডাকাত নিহত

 ইত্তেফাক রিপোর্ট

সাভারের মরাগাং এলাকায় দুই ডাকাত দলের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় এক ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেছে। গতকাল মঙ্গলবার ভোরে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের মরাগাং এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে এক ডাকাতকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। আশুলিয়া থানার উপ-পরিদর্শক মিরাজ হোসেন জানান, ভোরে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের মরাগাং এলাকায় দুই দল ডাকাতের মধ্যে গুলি বিনিময়ের খবর পেয়ে সেখানে অভিযানে যায় পুলিশ। এ সময় পুলিশ সেখানে এক ডাকাতকে রক্তাক্ত অবস্থায়  পড়ে থাকতে দেখে। পরে তাকে  সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।