ইত্তেফাক রিপোর্ট
সাভারে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে কুড়াল দিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করেছে স্বামী। গতকাল মঙ্গলবার বিকালে বিরুলিয়ার আকরাইন গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম নাজমা আক্তার (৩৩)। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ার পুটিজানা গ্রামে। এই ঘটনায় পুলিশ ঘাতক স্বামী সুরুজ্জামান বকুলকে (৪৮) গ্রেফতার করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিরুলিয়ার আকরাইন এলাকার হাসমত আলীর বাড়িতে ভাড়া থেকে পোশাক কারখানায় কাজ করতেন নাজমা আক্তার। গতকাল বিকাল ৫টার দিকে স্বামী সুরুজকে গ্রামের বাড়ির জমি তার তিন মেয়ের নামে লিখে দেওয়ার কথা বলেন নাজমা আক্তার। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে কাঠমিস্ত্রি স্বামী সুরুজ ক্ষিপ্ত হয়ে কুড়াল দিয়ে স্ত্রী নাজমা আক্তারকে কুপিয়ে হত্যা করে।