ভোলা-লক্ষ্মীপুর রুটে লঞ্চ চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে ভোলা-লক্ষ্মীপুর রুটে লঞ্চ ও জেলার অভ্যন্তরে ৬৫ ফুটের নিচে সব নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।  

শুক্রবার দুপুরে (১৯ আগস্ট) বিআইডব্লিউটিএর ভোলা নদী বন্দরের সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম এ তথ্য জানান।

বৈরী আবহাওয়া, যাত্রীদের নিরাপত্তা ও নৌ বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত থাকায় শুক্রবার দুপুর ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব নৌযান চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়।

সকাল থেকে জেলায় ভারী বর্ষণ হলেও দুপুর থেকে ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। এতে নদ-নদী উত্তাল হয়ে পানির উচ্চতা বেড়ে গেছে। অন্যদিকে, সব মাছ ধরার নৌকা এবং ট্রলারকে নিরাপদে চলে আসতে বলেছে প্রশাসন।