চট্টগ্রামে আইন ভেঙে এলপি গ্যাস বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

 চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড সংলগ্ন সিমেন্ট ক্রসিং রোড এলাকায় গতকাল মঙ্গলবার মোবাইল কোর্ট লাইসেন্সবিহীন এলপি গ্যাসের ব্যবসা ও অনুমোদন অতিরিক্ত এলপি গ্যাসের সিলিন্ডার সংরক্ষণ ও বিক্রির অপরাধে ৪ প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছে। এই ধরনের কার্যক্রম থেকে তাদেরকে বিরত থাকার জন্য মোবাইল কোর্ট সতর্ক করে দেয়। জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মো. আলী হাসানের নেতৃত্বে কোর্ট পরিচালনাকালে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

মোবাইল কোর্ট সূত্র জানায়, ফাহাদ এন্টারপ্রাইজে অভিযান পরিচালনাকালে দেখা যায়, এই প্রতিষ্ঠান বিস্ফোরক পরিদপ্তর বরাবর এলপি গ্যাসের লাইসেন্সের আবেদন করেছে কিন্তু লাইসেন্স পায়নি। অধিকন্তু এরা অক্সিজেন গ্যাসের ব্যবসা পরিচালনা করছে। এই অপরাধে ফাহাদ এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মালেক শাহ স্টোরে অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করছে। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। খাজা ট্রেডার্সে অভিযানে দেখা যায়, লাইসেন্সে ৪০টি (৫০০  কেজি) এলপি গ্যাস সংরক্ষণ ও বিক্রির বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা থাকলেও প্রতিষ্ঠানটি অনুমোদন অতিরিক্ত (প্রায় ১৫০টি) এলপি গ্যাসের সিলিন্ডার সংরক্ষণ করছে। এই অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। নিউ রুপালী ট্রেডিং প্রতিষ্ঠানে দেখা যায়, লাইসেন্সে ৪০টি (৫০০ কেজি) এলপি গ্যাস সংরক্ষণ ও বিক্রির বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা থাকলেও প্রতিষ্ঠানটি অনুমোদন অতিরিক্ত (প্রায় ২৫০টি) এলপি গ্যাসের সিলিন্ডার সংরক্ষণ করছে। এই অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এই প্রতিষ্ঠানকে। অভিযানে বিস্ফোরক পরিদপ্তরের সহকারী বিস্ফোরক পরিদর্শক মুহাম্মদ মেহেদি ইসলাম খানসহ সিএমপি-র সদস্যরা অংশ নেন।