ইউক্রেনে রাশিয়ার অধিকৃত বিভিন্ন লক্ষ্যবস্তুতে আরও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। সেভাস্টোপলে রাশিয়ান ফেডারেশনের ব্লাক সি নৌবহরের সদর দফতরের ওপরে ধোঁয়া উঠছিল। সাসপিলনে ইউক্রেনীয় পাবলিক সম্প্রচার মাধ্যম শনিবার (২০ আগস্ট) সকালে স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে ও ঘটনাস্থল থেকে ভিডিওসহ পোস্ট করেছেন।
তবে বিবিসি এখনো হামলার সত্যতা যাচাই করতে পারেনি। রুশ গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার (১৯ আগস্ট) ক্রিমিয়ার পশ্চিমে একটি বন্দরের বিরুদ্ধে অভিযান রুখে দেওয়া হয়েছে।
ক্রিমিয়ায় ধারন করা ভিডিওতে দেখা গেছে, রুশ বিমান প্রতিরক্ষা সেভাস্তোপল, ইয়েভপাটোরিয়া ও জাওজারনের আকাশে ইউক্রেনের চালানো হামলাকে বাধা দেওয়ার চেষ্টা করছিল। রুশ দখলদার কর্তৃপক্ষ বলেছে, এগুলো ইউক্রেনীয় ড্রোন ছিল।
কিন্তু বিবিসি এখনও এই তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
গত সপ্তাহে ক্রিমিয়ায় রুশ সামরিক স্থাপনা ও সরঞ্জামের বিরুদ্ধে একের পর এক হামলা হয়েছিল। যদিও এখন পর্যন্ত এর দায় ইউক্রেন স্বীকার করেনি।
২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে। যখন রুশ বাহিনী ফেব্রুয়ারিতে একটি নতুন আক্রমণ শুরু করে তখন তারা দক্ষিণ ইউক্রেনের বিশাল অংশ দখল করতে এই উপদ্বীপে তাদের ঘাঁটি ব্যবহার করে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১৭৮ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।