ফুটবলারদের সাফল্যে খুশি বাংলাদেশ কোচ

একটা গোল না পাওয়ায় দর্শকরা আফসোস করছিলেন। সেটা না হলেও বাংলাদেশ ফুটবল দল কাতার বিশ্বকাপ এবং এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ের দ্বিতীয় পর্বে উঠেছে, তাতেই খুশি বাংলাদেশের ব্রিটিশ কোচ জেমি ডে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার রাতে বাংলাদেশ দল লাওসের সঙ্গে গোলশূন্য ড্র করে। কিন্তু আগের ম্যাচে লাওসকে তাদের মাঠে ১-০ গোলে হারায়। ফলে দুই পর্ব মিলিয়ে এক গোলের জয়ে দ্বিতীয় পর্বে উঠে যায় বাংলাদেশ দল।

বাংলাদেশ কোচ জেমি ডে’কে খেলা শেষে সংবাদ সম্মেলনে বলা হয় দল খারাপ খেলেছে। গোলের সুযোগ পেয়েও সেসব কাজে লাগাতে পারেনি। এসব কথা শুনে এই ইংলিশ কোচ ভ্রু কুচকালেন। কেননা তিনি মনে করেন বাংলাদেশ যে, বাছাইয়ের দ্বিতীয় পর্বে উঠে গেছে সেটাই বড় ব্যাপার।

কোচ একটানা বলে গেলেন তার প্রাপ্তির কথা, ‘বাংলাদেশ দ্বিতীয় বাছাইয়ে উঠেছে সেটাই কোচের কাছে সবচেয়ে বড় বিষয়।’ তার পাল্টা প্রশ্ন, ‘যদি এমন হতো ভালো খেললাম। কিন্তু জিতলাম না। হেরে বিদায় নিলাম। তাহলে কী হতো। তার চেয়ে আমরা যে দ্বিতীয় বাছাইয়ে উঠলাম সেটাই কি বড় নয়?’

তিনি আরো বলেন, ‘আমাদের কাজের কাজটা হয়ে গেছে সেটাই এখন গুরুত্বপূর্ণ। এখন ছেলেরা আনন্দ করবে। আজকের রাতটা ছেলেদের। কম্বোডিয়া, লাওসের বিপক্ষে অ্যাওয়ে এবং হোম ম্যাচসহ টানা তিন খেলায় অপরাজিত থাকার গুরুত্ব অনেক।’

আক্রমণভাগের ব্যর্থতায় গোল পায়নি বাংলাদেশ। তবে কোনো ফুটবলারকে দোষ দিতে রাজি নারাজ জেমি, ‘আজকে আর কাউকে দোষারোপ করা যাবে না। কারণ আমরা বাছাইয়ে খেলছি।’