‘বঙ্গবন্ধুর নীতি অনুসরণ না করলে সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে না’

শহীদ জায়া শিক্ষাবিদ শ্যামলী নাসরিন চৌধুরী বলেছেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ সর্বোচ্চ পর্যায়ে অনুসরণ না করতে পারলে, বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে না। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে বাহাত্তরের সংবিধানে বর্ণিত ধর্ম নিরপেক্ষতাকে বিনষ্ট করার ক্ষেত্রে যে অপশক্তি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবিরত ষড়যন্ত্র করে চলেছে তাদের বিরুদ্ধে দল, মত, ধর্ম-বর্ণ ও নারী-পুরুষ নির্বিশেষে বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সম্প্রীতি বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় সভায় সভাপতিত্ব করেন।

শহীদ ডা. আলিম চৌধুরীর স্ত্রী শ্যামলী নাসরীন চৌধুরী আরও বলেন, সম্প্রীতি বাংলাদেশের মতো সংগঠনের পাশে সব অসাম্প্রদায়িক সংগঠন এবং মানুষের শক্তভাবে দাঁড়াতে হবে। 

সভাপতির বক্তব্যে পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনে অন্যতম উপাদান ছিল মানবকল্যাণ, সামাজকল্যাণ, বাঙালির জয়যাত্রা এবং সমৃদ্ধ সোনার বাংলার স্বপ্ন। একইসঙ্গে বাঙালির হাজার বছরের সংস্কৃতি তিনি লালন করতেন তার জীবনাচারে। সম্প্রীতি বাংলাদেশ বঙ্গবন্ধুর জীবন দর্শনের এই বৈশিষ্ট্যগুলোকে ধারণ করে পথ চলা শুরু করেছে এবং সম্প্রীতি বাংলাদেশের এই পথ চলা ততদিন পর্যন্ত চলবে, যতদিন পর্যন্ত বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর আদর্শে শতভাগ অসাম্প্রদায়িক না করা যাবে। বাংলাদেশের সমাজে সাম্প্রদায়িকতার, ভাতৃত্বের, সকল প্রকার বৈষম্যের শত্রুকে উপরে ফেলে বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার কাজ শেষ না হওয়া পর্যন্ত সম্প্রীতি বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাবে। অসাম্প্রদায়িক ও সম্প্রীতির সমাজ গঠনের মাধ্যমেই শোধ হবে পিতৃঋণ।

এসময় সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।