নিম্নচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে মাছ শিকারে যাওয়া অন্তত ৩০ টি ট্রলার-ফিশিং বোট এবং তিন শতাধিক জেলে নিখোঁজ হয়েছেন। হাতিয়ার নিঝুম দ্বীপ, বরগুনার লালদিয়ার চর, সুন্দরবন সংলগ্ন বাহির মান্দারবাড়িয়া, দুবলারচর থেকে কক্সবাজারের সোনাদিয়া চ্যানেল পর্যন্ত বিভিন্ন পয়েন্টে নিখোঁজ হয় এসব জেলেসমেত ফিশিং বোট। কোস্টগার্ড সদস্যরা জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট মুমিনুল ইসলাম।
তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার হঠাত্ ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে মাছ শিকারে যাওয়া শতাধিক মাছ ধরা ট্রলার এবং জেলেরা নিখোঁজ হয়। এদের মধ্যে সুন্দরবনসহ আশপাশে যারা আশ্রয় নিয়েছিলেন এমন অর্ধশতাধিক ট্রলার ও জেলেদের খোঁজ মিলেছে। এ ছাড়াও আরও প্রায় ২০টি ট্রলার ভারতে আশ্রয় নিয়েছে। কিন্তু এখনো ৩০টি ট্রলার ও তিন শতাধিক জেলের কোনো খোঁজ মিলছে না। নিখোঁজ হওয়া ১৮১ জেলের তালিকা পেয়েছি। আরও নিখোঁজের সংবাদ পাচ্ছি।
ইত্তেফাকের পাথরঘাটা সংবাদদাতা মো.খলিলুর রহমান শাহিন এবং বরগুনা জেলা মত্স্যজীবী ট্রলার মালিক সমিতির একজন নেতার ভাষ্যমতে পর পর দুইটি লঘুচাপ এবং একটি নিম্নচাপের প্রভাবে এক সপ্তাহের বেশি সময় যাবত সাগরে প্রবল দমকা বাতাসের সঙ্গে জোয়ার-জলোচ্ছাস পরিস্হিতি বিরাজ করছিল। এই পুরো সময়জুড়ে সমুদ্র বন্দরসমুহকে ৩ নম্বর স্হানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্হানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হলেও জেলেরা তা খুব একটা আমলে নেননি। কারণ দমকা ঝড়ো বাতাসের সঙ্গে বৃষ্টি হলে সাগরে মাছের প্রাচুর্য বাড়ে। বড় ফিশিং বোটগুলো উপকূল থেকে ১৫০ -২০০ কিলোমিটার গভীরে যায় মাছের সন্ধানে। মধ্যম মানের ফিশিং বোটগুলো ৬০-৭০ কিলোমিটার গভীরে চলে যায়। যে ট্রলার এবং ফিশিং বোটগুলো নিখোঁজ হয়েছে তারা ১৩০-১৪০ কিলোমিটার গভীর সমুদ্রে গিয়েছিল। সেখান থেকে ফিরে আসতে ১৫-১৬ ঘন্টা সময় লাগে। বরগুনার পাথরঘাটার এক জেলে জানান, উপকুলের কাছাকাছি মাছ পাওয়া যায় না। ফলে গভীরে যেতে হয়। সাগরের গভীরে মোবাইল নেটওয়ার্ক থাকেনা। সেখানে কোস্টগার্ডের কর্মতত্পরতাও দেখা যায় না। ফলে বিপদ সংকেত দিলেও তা যথাসময়ে আমাদের কাছে পৌছে না।
গতকাল শনিবার দুপুরে বরগুনা জেলা মত্স্যজীবী ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম আকন জানান, প্রায় ত্রিশটি ট্রলারের তিন শতাধিক মাঝি-মাল্লার খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ ট্রলার ও জেলেদের বিষয়ে খোঁজ নিতে এবং আটক জেলেদের ফিরিয়ে আনতে ইতিমধ্যে ভারতে গিয়েছেন জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরি। পাথরঘাটার ট্রলার মালিক আলম মোল্লা বলেন,আমার তিনটি ট্রলারের ৬২ জেলে নিখোঁজ ছিল। এদের মধ্যে দুটি ট্রলার ৪৪ জেলের খোঁজ পেয়েছি। বাকিদের সন্ধান মিলছে না। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কেএম সাফিউল কিঞ্জল বলেন, কোস্টগার্ডের পক্ষ থেকে পাথরঘাটা, হাতিয়া, চরফ্যাশন, নিজামপুর, পায়রা পোর্টসহ মোট ৬টি টিম গভীর সমুদ্র জেলেদের উদ্ধার অভিযানে রয়েছে।
৩ জেলের লাশের সন্ধান
কক্সবাজার পÌতিনিধি জানান,বঙ্গোপসাগরের কক্সবাজার চ্যানেলে মাছ ধরার টÌলার ডুবির ঘটনায় আবু তৈয়ব নামের এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরো দুইজনের মৃতদেহ সাগরে ভাসমান অবস্হায় দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ।
কুয়াকাটার সাগরে ১২ ট্রলার ডুবি, ১৪ জেলে উদ্ধার, নিখোঁজ ২
পটুয়াখালী প্রতিনিধি জানান,কুয়াকাটা সংলগ্ন সাগরে ঝড়ের কবলে পড়ে অন্তত ৯০ জেলেসহ ১২টি মাছধরা ট্রলার ডুবির ঘটেছে। শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।। এই ট্রলার ডুবিতে নিখোঁজ ১৬ জেলের মধ্যে ১৪ জেলে উদ্ধার হয়েছে। এখনও দুই জেলে নিখোঁজ রয়েছে।
পিরোজপুরের ইন্দুরকানীর ৭২ জন জেলেসহ পাঁচটি ফিশিংবোট নিখোঁজ
পিরোজপুর অফিস ও ইন্দুরকানী সংবাদদাতা জানান, বঙ্গোপসাগরের সৃষ্ট হঠাত্ ঝড়ে পিরোজপুরের ইন্দুরকানীর পাঁচটি ফিশিংবোটসহ ৭২ জন জেলে নিখোঁজ রয়েছে।
বরগুনায় ১৯ জেলেসহ দুটি টÌলার ডুবি
বরগুনা (দঃ) সংবাদদাতা জানান,বরগুনার তালতলী উপজেলার আশার চরের ৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্হিত বঙ্গোপসাগরে লালদিয়ার চর সংলগ্ন স্হানে শুক্রবার ভোররাতে ঝড়ের কবলে পড়ে ১টি ও পায়রার মোহনায় আরেকটি মাছ ধরা টÌলার ডুবির ঘটনা ঘটেছে। ডুবে যাওয়া টÌলারের ১৯ জেলেকে উদ্ধার করা গেলেও এখনো টÌলার দুটি নিখোঁজ রয়েছে।
সুন্দরবনে ৫টি ফিশিং ট্রলার ডুবি
শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে ৫টি ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিনভর ঝড়ো হাওয়ার কবলে বঙ্গোপসাগর সংলগ্ন বাহির মান্দার বাড়িয়া এলাকায় ওই সমস্ত ট্রলার ডুবে যায়। নিখোঁহ জেলেদের সন্ধানে অভিযান চলছে। সংশ্লিষ্ট বনবিভাগ সূত্রে তা জানা গেছে।
হাতিয়ায় নিখোঁজ বেলালের লাশ উদ্ধার
হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা জানান, শুক্রবার বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় শনিবার দুপুরে নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপের দক্ষিনে দমার চরের সন্নিকটে বঙ্গোপসাগর মোহনায় নিখোঁজ বেলাল হোসেনের (৪৫) লাশ উদ্ধার করেছে স্হানীয় জেলেরা।